তাবিজওয়ালা সিরিজ -পর্ব : ১
প্রথম কথা:
১. শরীয়তের যেকোন বিষয়ে আমাদের বক্তব্য সেটাই যা আল্লাহর রাসুল সা. শিখিয়েছেন। আল্লাহর রাসুল সা. থেকে শিক্ষা গ্রহণকারী সাহাবীগণ, তাবেয়ীগণ এবং তাঁদের অনুসারী পরবর্তী ফকিহ মুজতাহিদগণ যেভাবে আল্লাহর কিতাব ও সুন্নাহকে ব্যাখ্যা করেছেন।
২. এর মধ্যে যেগুলো স্পষ্ট ও অকাট্য সেগুলোকে অকাট্য মনে করি। আর যেগুলোতে ইজতিহাদের সুযোগ রয়েছে সেগুলোকে ইজতিহাদী মাসআলাহ মনে করি এবং সে বিষয়ে প্রত্যেক পক্ষের ফকীহ মুজতাহিদদের দলীলভিত্তিক মতামতকে সম্মান করি।
৩. আল্লাহর কিতাব ও রাসুল সা. এর সুন্নাহকে সাহাবা তাবেয়ীন এবং তাঁদের অনুসারী পরবর্তী ফকীহ ও মুজতাহিদগণ যেভাবে ব্যাখ্যা করেছেন তাকেই আমরা শরীয়ত মনে করি। আমরা তারই অনুসারী। যদি কোন বুজুর্গ ব্যক্তির নামে কোন শরীয়তবিরোধী কাজ প্রচার করা হয়, তাহলে আমরা তা গ্রহণ করি না।
তবে সেই বুজুর্গ ব্যক্তি সম্পর্কে কোন মন্তব্য করার আগে অনেক যাচাই করা আবশ্যক। এটা তাঁর নামে ভুল বা বিকৃত প্রচার কিনা, যেই বইয়ের উদ্ধৃতি দেয়া হচ্ছে তাতে কোন বিকৃতি হয়েছে কিনা, সেই বই আদৌ তাঁর লেখা কিনা, তিনি তা দ্বারা আসলে কী বুঝিয়েছেন, এই ব্যাপারে তাঁর কোন বিশেষ ওযর ছিল কিনা, আরো অনেক কিছু। এগুলো যাচাই করার পরে বলা যেতে পারে যে, তিনি শরীয়তবিরোধী কাজে লিপ্ত ছিলেন। কিন্তু আমরা যাচাইয়ে আগ্রহী নই। কারণ এগুলো যাচাইয়ের পিছনে লেগে থাকায় দুনিয়া বা আখিরাতের কোন ফায়েদাহ আছে বলে আমাদের জানা নেই।
তাই এ ব্যাপারে আমাদের বক্তব্য সুস্পষ্ট। সালাফ ও ফকীহ মুজতাহিদগণের ব্যাখ্যা সহ কুরআন ও সুন্নাহর দলীল পেশ করুন, মাথা পেতে মেনে নেব। এর বিপক্ষে কোন ব্যক্তির কথা বা কাজকে কারো নামে প্রচার করলেই আমরা গ্রহণ করতে পারি না।
আমাদের উদ্দেশ্য কারো প্রতি বিদ্বেষ নয়, বরং শরীয়তের সীমার মধ্যে থাকার প্রচেষ্টা।
৪. তাবিজের ব্যাপারে আমাদের বক্তব্য এটাই। ব্যাপারটা অস্পষ্ট বা দুর্বোধ্য ছিল না। কিন্তু কেউ কেউ ব্যাপারটাকে ঘোলা করার চেষ্টায় লিপ্ত। জানি না তাদের উদ্দেশ্য কী। তাই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করছি। আশা করি একজন সত্যসন্ধানী ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট হবে।
(চলবে ইনশাআল্লাহ।)
